মার্কিন সেনা অভিযানে আটকের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়া হয়েছে। এ অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার বিকেলে নিউইয়র্কের বিমানঘাঁটিতে নামার পর মাদুরোকে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয় বলে জানিয়েছে রয়টার্স।
মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার সদর দপ্তরে প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে মাদুরোকে নেওয়া হচ্ছে ব্রুকলিনের বন্দিশিবিরে। সেখান থেকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদুরোকে হাজির করার কথা রয়েছে বলে জানিয়েছে বিবিসি। নিউইয়র্কের এই কুখ্যাত কারাগারটি গুরুত্বপূর্ণ বন্দীদের রাখার জন্য পরিচিত।
শনিবার ভোরে কারাকাসে এক ঝটিকা অভিযানে নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। এ অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে ভেনেজুয়েলার একজন সিনিয়র কর্মকর্তা। নিহতেদর মধ্যে রয়েছেন সাধারণ নাগরিক ও সেনা কর্মী।
ব্রুকলিনের বন্দিশিবিরে এর আগে পপ তারকা আর কেলি, যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েলকেও এই কারাগারে রাখা হয়েছিল।