যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য সামরিক অভিযানের হুমকির বিপরীতে দেশ রক্ষায় প্রয়োজনে আবারও অস্ত্র ধরার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। নিজের ভেরিফায়েড ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক বার্তায় তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বার্তায় পেত্রো জানান, আমেরিকা যদি তাঁকে বা তাঁর দেশকে লক্ষ্য করে কোনো সামরিক হামলার সিদ্ধান্ত নেয়, তবে তিনি সশস্ত্র প্রতিরোধে নামতে বাধ্য হবেন। পোস্টে তিনি মাদক পাচার দমনে নিজের সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন—যার সমালোচনা করে সম্প্রতি ট্রাম্প তাঁকে ‘অযোগ্য’ হিসেবে অভিহিত করেছেন।
পেত্রো সতর্ক করে বলেন, ‘কলম্বিয়ায় মাদক পাচারকারীদের আস্তানায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা চালানো হলে অসংখ্য নিরীহ শিশু নিহত হওয়ার ঝুঁকি রয়েছে। এটি দীর্ঘদিনের সশস্ত্র সংঘাত নিরসনে বাধা হবে এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে নতুন সদস্য সংগ্রহে সহায়তা করবে।’
তিনি আরও যোগ করেন, ‘জনগণের বিপুল জনসমর্থনপুষ্ট কোনো প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে তা দেশজুড়ে গণঅভ্যুত্থানের জন্ম দেবে।’
সাবেক এম-১৯ গেরিলা গোষ্ঠীর সদস্য পেত্রো আরও বলেন, ‘আমি শপথ করেছিলাম আর কখনো অস্ত্র ধরব না। কিন্তু মাতৃভূমিকে রক্ষায় আমি আবারও অস্ত্র হাতে নিতে প্রস্তুত।’
গত রোববার প্রেসিডেন্ট ট্রাম্প পেত্রোকে তীব্র আক্রমণ করে বলেন, ‘পেত্রো কোকেন তৈরি ও বিক্রি করতে পছন্দ করেন, তবে তিনি আর বেশিদিন তা করতে পারবেন না।’
সাংবাদিকদের পক্ষ থেকে কলম্বিয়ায় সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে ট্রাম্প উত্তর দেন, ‘শুনতে তো ভালোই লাগছে।’
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর ট্রাম্পের এমন মন্তব্য কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি করেছে।