ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। এখনও পর্যন্ত নিখোঁজ আছে ১১ হাজারেও বেশি। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে আমেরিকা মহাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল ও মানবিক সহায়তা পৌঁছাতে শুরু করেছে।
ভেনেজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাডো জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছেন। উদ্ধার অভিযান ও আহতদের সাহায্যে এরই মধ্যে কাজ করছে বিশ্বের বিভিন্ন দেশ। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, কানাডা, মেক্সিকো, স্পেনসহ বিভিন্ন দেশ উদ্ধারকারী দল, চিকিৎসাকর্মী, ত্রাণ ও সরঞ্জাম পাঠিয়েছে। পাশাপাশি জাতিসংঘ, রেড ক্রস এবং ভ্যাটিকানও সহায়তা কার্যক্রমে যুক্ত হয়েছে।
দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, জাতিসংঘ স্বীকৃত উদ্ধারকারী দলগুলোও নিখোঁজদের সন্ধানে কাজ করছে এবং ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে ভেনেজুয়েলার পক্ষ থেকে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।
এদিকে উদ্ধার প্রচেষ্টায় আন্তর্জাতিক সহায়তা পৌঁছাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহায়তার ঘোষণা দেওয়ার পরেই দেশটিতে মার্কিন সাউদার্ন কমান্ডের একটি সমন্বয়কারী দল কারাকাসে পৌঁছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সবচেয়ে বড় সহায়তা বহরগুলোর একটি এসেছে মেক্সিকো থেকে। দেশটি ২৬১ সদস্যের স্বেচ্ছাসেবি দলে আছে উদ্ধারকর্মী ও চিকিৎসক। সাথে আছে ১৮টি অনুসন্ধানী কুকুর এবং উদ্ধার ও চিকিৎসা সামগ্রী। চিলি পাঠিয়েছে চিকিৎসক, প্রকৌশলী ও উদ্ধার বিশেষজ্ঞদের একটি দল। কলম্বিয়া তাদের সর্বোচ্চ পর্যায়ের উদ্ধার ইউনিট পাঠিয়েছে। ইউরোপ থেকে সুইজারল্যান্ডস, নেদারল্যান্ডের পর ৫৯ জন উদ্ধারকর্মী ও ৮টি ক্যানাইন ইউনিট ও সামরিক বিমান নিয়ে কারাকাসে পৌঁছেছে স্পেন। তবে উদ্ধারকারীদের কাজকে কঠিন করে তুলছে দেশটির দুর্বল অবকাঠামো। সেই সঙ্গে আছে ভূমিকম্পে আফটারশকের আশঙ্কা।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে দৃশ্যত বিধ্বস্ত লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। ভূমিকম্পের আঘাতে ধসে পড়েছে অসংখ্য ভবন। ভূমিকম্পের পর যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত থাকায় উদ্ধার কার্যক্রম আরও কঠিন হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ১৯০০ সালের পর ভেনেজুয়েলায় আঘাত হেনেছে সবচেয়ে শক্তিশালী দুটি ভূমিকম্প।