জাতীয় দিবসে ট্রাম্পের ভাষণ, যুক্তরাষ্ট্রজুড়ে উৎসব

যুক্তরাষ্ট্রজুড়ে উদযাপিত হচ্ছে দেশটির ২৫০তম জাতীয় দিবস। এ উপলক্ষে দেশের বিভিন্ন অঙ্গরাজ্যে কনসার্ট, ফ্লাইপাস্ট এবং বর্ণাঢ্য আতশবাজির আয়োজন করা হয়েছে।

রয়টার্স জানায়, জাতীয় দিবস উপলক্ষে ওয়াশিংটনের ন্যাশনাল মলে জাতির উদ্দেশে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে তিনি বলেন, জাতীয় দিবসে আমেরিকানদের ‘সত্যিকারের স্বপ্ন’ ফিরে এসেছে। তিনি দিনটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।

খারাপ আবহাওয়ার কারণে ট্রাম্পের ভাষণ কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়া হয়। তবে ভাষণের আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতেই তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন স্থানে জাতীয় দিবসের কিছু অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

অন্যদিকে, জাতীয় দিবস উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে পদযাত্রার আয়োজন করেছে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী (হোয়াইট ন্যাশনালিস্ট) কয়েকটি সংগঠন।