কানাডাজুড়ে জ্বলছে ৮০০টিরও বেশি দাবানল। সেই ধোঁয়ায় বাতাসের মান খারাপ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। মিশিগান এবং মিনেসোটার মিনিয়াপোলিসের বিস্তীর্ণ এলাকায় বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বায়ুর মান। এদিকে তীব্র গরম আর শক্তিশালী বাতাসে স্পেনের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। আরাগন অঞ্চলে ছড়িয়ে পড়া এসব দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
তীব্র তাপপ্রবাহের পর এবার ভয়াবহ দাবানলের কবলে পড়েছে ইউরোপের স্পেন, ফ্রান্স থেকে শুরু করে উত্তর আমেরিকার দেশ কানাডা। কানাডিয়ান ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে সাড়ে ৮০০-র বেশি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবারই নতুন করে সূত্রপাত হয়েছে ২৩টি দাবানলের। মারাত্মক অবনতি হয়েছে বায়ুর মানের, সেই সঙ্গে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।
ফুসফুস বিশেষজ্ঞ ভিন গুপ্তা বলেন, ‘দাবানলের মৌসুমে কয়েক মাস ধরে নিম্নমানের বায়ুর সংস্পর্শে থাকলে বার্ধক্য ত্বরান্বিত হতে পারে। এটি স্মৃতিশক্তির অবক্ষয় এবং অল্প বয়সে স্মৃতিভ্রংশের ঝুঁকি বাড়াতে পারে। গর্ভবতী নারীদের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা বেশি। দূষণের ফলে অকালজন্ম এবং জরায়ুর অভ্যন্তরে শিশুর বৃদ্ধি ব্যাহত হওয়ার মতো সমস্যা দেখা দেয়।’
কানাডার দাবানলের ধোঁয়া পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পর্যন্ত। ধোঁয়ায় বাতাসের মান খারাপ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। মিশিগান এবং মিনেসোটার মিনিয়াপোলিসের বিস্তীর্ণ এলাকায় বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বায়ুর মান।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, আপার মিডওয়েস্ট, গ্রেট লেকস অঞ্চল থেকে শুরু করে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকাজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেন, ‘কানাডার দাবানলের ধোঁয়া আমাদের শহরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। রাজ্য কর্তৃপক্ষ নিউইয়র্ক সিটি অঞ্চলের জন্য বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে থাকার পূর্বাভাস দিয়েছে। এর ফলে প্রত্যেকেই স্বাস্থ্যগত প্রভাব অনুভব করতে পারেন। তাই আজ প্রত্যেক নিউইয়র্কবাসীর সতর্কতা অবলম্বন করা উচিত। বাইরে থাকা সীমিত করুন, বিশেষ করে পরিশ্রমসাধ্য কাজ এড়িয়ে চলুন।’
তীব্র গরম আর শক্তিশালী বাতাসে স্পেনের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। আরাগন অঞ্চলে ছড়িয়ে পড়া এসব দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এরই মধ্যে কয়েকটি গ্রামের কয়েক শ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এ ছাড়া ছড়িয়ে পড়া দাবানলে পুড়ে গেছে ৪ হাজার ৫০০ হেক্টরের বেশি এলাকা। আগুন নিয়ন্ত্রণে মাঠে কাজ করছেন প্রায় ৪০০ ফায়ার সার্ভিস কর্মী ও জরুরি বিভাগের সদস্য। সহায়তায় মোতায়েন করা হয়েছে ১৫টি উড়োজাহাজ, যার মধ্যে রয়েছে দুটি অগ্নিনির্বাপণ বিমান। কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টার থেকে পানি ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করলেও শক্তিশালী বাতাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।