রাশিয়ার তেল কেনার ‘বড় মূল্য’ দিতে হচ্ছে ভারত ও চীনকে

রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত ও চীনসহ অন্তত ৫টি দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ সুগম হচ্ছে যুক্তরাষ্ট্রের। শুক্রবার মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে।

বিলটি উত্থাপনের পর সিনেটের ১০০ জন সদস্যের মধ্যে ৮৬ জন সেটির পক্ষে ভোট দেন। বিপক্ষে পড়ে ১১টি ভোট। ভোট দেওয়া থেকে বিরত ছিলেন বাকি ৩ জন।

বিলে রাশিয়ার তেল ও জ্বালানি পণ্যের বৃহৎ ক্রেতাদের ওপর শুল্ক আরোপের পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রাশিয়ার ধনকুবের এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ওপরও নতুন নিষেধাজ্ঞা জারির প্রস্তাব রাখা হয়েছে।

সেই সঙ্গে ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বহাল রাখার প্রস্তাবও করা হয়েছে বিলে। সিনেটে পাসের পর বিলটি এখন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। সেখানে পাস হলে বিলটি যাবে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে।

ট্রাম্পের সইয়ের পর আইনে পরিণত হবে বিলটি।