হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পদত্যাগ করতে যাচ্ছেন। পরিবারকে অগ্রাধিকার দিতে চলতি মাসের শেষে তিনি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে বুধবার জানিয়েছে আল জাজিরা। ট্রাম্প জানান, ক্যারোলিন লেভিট তার পরিবারকে আরও সময় দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ক্যারোলিন হোয়াইট হাউসের একজন প্রকৃত নেত্রী ছিলেন এবং ২০১৮ সাল থেকে ন্যায়বিচার, স্বাধীনতা ও মুক্তির জন্য লড়াই করে এক অসাধারণ কাজ করেছেন।
তিনি উল্লেখ করেন, লেভিট তার ‘শীর্ষস্থানীয় উপদেষ্টাদের’ একজন এবং ‘রিপাবলিকান পার্টির মধ্যে একজন প্রভাবশালী কণ্ঠস্বর’ হিসেবে থাকবেন।
ট্রাম্পের দ্বিতীয় প্রশাসন থেকে পদত্যাগকারী ঊর্ধ্বতন কর্মকর্তাদের তালিকায় সবশেষ যুক্ত হওয়া নাম লেভিট। এরআগে এ বছরের শুরুতে সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং সাবেক হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোমের মতো উচ্চপদস্থ ব্যক্তিদের বরখাস্ত করা হয়েছে।
এ ছাড়া অন্যান্য কর্মকর্তা– যাদের মধ্যে রয়েছেন সাবেক শ্রম সচিব লরি মিশেল শাভেজ-ডিরেমার এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর ভারপ্রাপ্ত প্রধান টড লায়ন সমালোচনার মুখে পদত্যাগ করেছেন।
তবে লেভিটের পদত্যাগের ঘটনা তার মাতৃত্বকালীন ছুটির পরপরই ঘটতে যাচ্ছে। গত মে মাসের শুরুতে তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দেন।
২৭ বছর বয়সী এই নারী গত এপ্রিলের শেষে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পরে জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি তার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের জন্য হোয়াইট হাউসের মঞ্চে ফিরে আসেন।
ট্রাম্প তাঁর পোস্টে বলেন, ক্যারোলিন এই দপ্তরের ইতিহাসে অন্যতম সেরা হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ছিলেন।
ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই লেভিট তার ঘনিষ্ঠ মহলে একজন পরিচিত মুখ। তিনি হোয়াইট হাউসের প্রেসিডেন্সিয়াল করেসপন্ডেন্স অফিসে একজন ইন্টার্ন হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০২১ সালের জানুয়ারিতে ট্রাম্পের প্রথম মেয়াদ শেষ হওয়ার সময় লেভিট হোয়াইট হাউসের মুখপাত্র হিসেবে সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেন।