আটবার ফাঁসির দড়ি থেকে অলৌকিকভাবে রক্ষা পাওয়া মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী কারাবন্দী ফ্রান্সিস ক্লিফোর্ড স্মিথ অবশেষে বার্ধক্যজনিত কারণে ১০১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। জীবনের সত্তরেরও বেশি সময় জেলখানায় কাটানো এই কয়েদি একটি বৃদ্ধাশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
১৯৪৯ সালে যুক্তরাষ্ট্রের কানেটিকাটের একটি ক্লাবের নৈশপ্রহরী গ্রোভার হার্টকে হত্যার অভিযোগে ২৫ বছর বয়সে গ্রেপ্তার হন স্মিথ। ১৯৫০ সালে আদালত তাঁকে প্রথম ডিগ্রির হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি আটবার শেষ খাবার খেয়েছিলেন। তবে প্রতিবারই দণ্ড কার্যকরের শেষ মুহূর্তে স্থগিতাদেশ ও সাজা মওকুফ পেয়ে তিনি ফাঁসির হাত থেকে বেঁচে যান। ১৯৫৪ সালে তাঁর মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়।
দীর্ঘ সাত দশকেরও বেশি সময় কারাবাসে তিনি সবসময়ই নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন। পরে মামলাটির প্রধান সাক্ষী জবানবন্দি প্রত্যাহার করেন এবং অন্য এক কয়েদি নিজের অপরাধ স্বীকার করলে স্মিথের সাজা নিয়ে বড় ধরনের প্রশ্ন ওঠে। এমনকি এক তদন্তকারী কর্মকর্তা তাঁর পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন। কারাবন্দী অবস্থায় পাখিদের খাবার খাওয়ানোর অভ্যাসের জন্য তিনি ‘দ্য বার্ডম্যান অব ওসবর্ন’ নামে পরিচিতি পান।
২০২০ সালে শতবর্ষী স্মিথকে নজরদারিভিত্তিক প্যারোল দিয়ে প্রবীণ কয়েদিদের পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানেই তাঁর জীবনাবসান ঘটে।