যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব রয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নির্বাচনে দলের ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার হোয়াইট হাউসে নতুন বলরুমের নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ট্রাম্প।
এ সময় ট্রাম্প বলেন, ইরান যুদ্ধের কারণে স্বল্পমেয়াদে পেট্রলের দাম বেড়েছে। তাঁর দাবি, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে হামলা ছাড়া উপায় ছিল না। আবারও একই সিদ্ধান্ত নিতে হলে তিনি তা-ই করতেন বলেও জানান।
ট্রাম্প আরও জানান, তিনি যখন চাইবেন শুধু তখনই যুদ্ধ শেষ হবে। নির্বাচনি প্রচারের সময় নিজের জনপ্রিয়তা রিপাবলিকান প্রার্থীদের পক্ষে কাজে লাগাতে না পারার কথাও বলেন ট্রাম্প। তাঁর মতে তিনি নির্বাচনি সমাবেশে থাকলেই রিপাবলিকানরা জয়ী হতো।