যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ হাম রোগী শনাক্ত

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৫ হাজার ১৮২ জনের হাম শনাক্ত হয়েছে, যা ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির তথ্য অনুযায়ী, আক্রান্তদের প্রায় ৫৯ শতাংশই শিশু-কিশোর। 

চলতি বছরের অধিকাংশ সংক্রমণই বিভিন্ন প্রাদুর্ভাবের সঙ্গে সংশ্লিষ্ট। আক্রান্তদের মধ্যে  ৪১ শতাংশই ৫ থেকে ১৯ বছর বয়সী। পাঁচ বছরের কম বয়সী শিশু আক্রান্তদের ১৮ শতাংশ।

গত বছরের তুলনায়ও সংক্রমণ বেড়েছে দ্বিগুণের বেশি। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদানের হার কমে যাওয়ায় সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বাড়ছে। 

যুক্তরাষ্ট্রের কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মধ্যে টিকাদানের হার ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৯৫ দশমিক ২ শতাংশ থাকলেও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তা নেমে এসেছে ৯২ দশমিক ৪ শতাংশে। এখন পর্যন্ত  হাম-সংশ্লিষ্ট কারণে মৃত্যু হয়েছে ৬ জনের।