ইরানে পুনরায় হামলা শুরুর সম্ভাবনা খুবই ক্ষীণ এবং এই সংঘাত কার্যত শেষ হয়ে গেছে। কাতারের প্রধানমন্ত্রী ও প্রধান মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর সোমবার এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে, ওয়াশিংটনকে তেহরানের ৭টি শর্ত মেনে নেওয়ার বা আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছে ইরান। রয়টার্স জানিয়েছে এ খবর।
ওয়াশিংটন ডিসিতে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি। এতে, ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তিতে পৌঁছানো এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি।
পরে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানে পুনরায় হামলা শুরুর সম্ভাবনা খুবই ক্ষীণ এবং সামরিক দিক থেকে এই সংঘাত কার্যত শেষ হয়ে গেছে। এসময়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ অবসানের পথে একটি ইতিবাচক গতি তৈরি হয়েছে বলেও জানান তিনি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কোনো পরিবর্তন হলে যুক্তরাষ্ট্র তার কাছে থাকা সর্বাধুনিক ও সেরা সামরিক সরঞ্জাম নিয়ে পুরোপুরি প্রস্তুত রয়েছে। যদিও আমাদের মনে হয় না যে সেগুলো ব্যবহারের কোনো প্রয়োজন পড়বে। তবে, সবকিছু খুব ভালোভাবেই এগোচ্ছে। ইসরায়েল এবং পুরো মধ্যপ্রাচ্য এখন ইরানের বিপদ ও হুমকি থেকে সুরক্ষিত।
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন- এপেক সম্মেলনের ফাঁকে বৈঠক হতে পারে বলে জানান ডোনাল্ড ট্রাম্প।
এদিকে, কোনো চাপ বা হুমকির কাছে তেহরান মাথা নত করবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি- যুদ্ধও নয়, শান্তিও নয়; এমন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
এদিকে, ওয়াশিংটনকে তেহরানের ৭ শর্ত মেনে নেয়া বা আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই। একইসঙ্গে তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ তোলেন।
ইরান, ইরাক ও ইয়েমেনসহ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬টি দেশে ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা ঝুঁকি ও কনস্যুলার সহায়তা প্রদানের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে এই সতর্কতা জারি করা হয়েছে।