কোয়াড ও এপেক ফোরামে অংশ নিতে ৩ দিনের এশিয়া সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার চীনের শেনঝেনে তিন পরাশক্তি আমেরিকা, রাশিয়া ও চীনের শীর্ষ নেতারা ইতিহাসে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসবেন।
এর আগে, ম্যানিলায় ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে মার্কিন জোট কোয়াডের বৈঠকে যোগ দেন তিনি।
এছাড়া, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গেও বৈঠক করতে পারেন ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংকট ও মাইক্রোচিপ কূটনীতির মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরকে ঐতিহাসিক বলছেন বিশ্লেষকরা। ইতিহাসে প্রথমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট।
সফরের শুরুতে ফিলিপাইনের ম্যানিলায় ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জোট কোয়াড-এর নেতাদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। গত দুই বছরে এটিই কোয়াডের প্রথম শীর্ষ বৈঠক। ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, রপ্তানি বিধিনিষেধ, খনিজ ও কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্ব পাবে, বলছেন বিশ্লেষকরা।
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন - এপেক ফোরামে অংশ নিতে বুধবার চীনের শেনঝেনে পৌঁছাবেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের ত্রিপক্ষীয় বৈঠকে ইরান-ইউক্রেন যুদ্ধসহ সমসাময়িক নানা ইস্যুতে আলোচনা হবে। এছাড়া গুরুত্ব পাবে শুল্ক ও বাণিজ্য ইস্যু। ট্রাম্প-পুতিন-জিনপিং এই ঐতিহাসিক বৈঠক ঘিরে বিশ্বজুড়ে স্থিতিশীলতা ফেরার আশা সবার।
এদিকে, এশিয়া সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের এই এশিয়া সফরে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক সিদ্ধান্ত আসতে পারে, বলছেন বিশ্লেষকরা।