জননিরাপত্তামন্ত্রীকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল ভিয়েতনাম

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হিসেবে জননিরাপত্তামন্ত্রী তো লামকে নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট। আজ বুধবার তিনি এ শীর্ষ পদে আসীন হন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুর্নীতিবিরোধী প্রচারণার জেরে গত মার্চে পদত্যাগ করেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং। এরপর গত সপ্তাহে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি ৬৬ বছর বয়সী তো লামকে নতুন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়।

আজ বুধবার গোপন ব্যালটের মাধ্যমে ভিয়েতনামের পার্লামেন্টের আইনপ্রণেতারা তো লামকে নির্বাচিত করেন। ৪৭৩টি ভোটের মধ্যে ৪৭২টি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।

নির্বাচিত হওয়ার পর লাম বলেন, তিনি দুর্নীতিবিরোধী লড়াইয়ে অটল থাকবেন।

ভিয়েতনামে প্রেসিডেন্টসহ চারটি শীর্ষ পদ রয়েছে। অন্য পদগুলো হচ্ছে, কমিউনিস্ট পার্টির প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদের স্পিকার। এই চার শীর্ষ পদকে এক সঙ্গে ‘ফোর পিলার্স’ বলা হয়।

দুর্নীতিসহ নানা কারণে দীর্ঘদিন ধরেই ভিয়েতনামে অস্থিরতা চলছে। ক্যানবেরার অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স একাডেমির এমিরেটাস প্রফেসর ও ভিয়েতনাম বিশেষজ্ঞ কার্ল থেয়ার বলেন, লাম নির্বাচিত হওয়ার পর ভিয়েতনামের রাজনৈতিক অস্থিরতা কিছুটা হলেও কমবে বলে আশা করা যায়।