ক্ষেপণাস্ত্র বানানোর কারখানা আরও বড় করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আমেরিকার একটি থিংকট্যাংক প্রতিষ্ঠানের এক গবেষক এ দাবি করেছেন। তিনি বলেছেন, এক ধরনের স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র বানানোর কারখানা বড় করছে উত্তর কোরিয়া। আর এই ধরনের ক্ষেপণাস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইট ছবি দেখে এই তথ্য জানান জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রলিফারেশন স্টাডিজের (সিএনএস) সহযোগী গবেষক স্যাম লায়ার।
স্যাম লায়ার বলেন, উত্তর কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর হ্যামবাংয়ে রিয়ংসং মেশিন কমপ্লেক্সে এই কর্মসূচি দেখা গেছে।
ওই কারখানায় হাসং-১১ ক্ষেপণাস্ত্র বানানো হয়। এতে জ্বালানি হিসেবে কঠিন পদার্থ ব্যবহার করা হয়। আর এই অস্ত্র রাশিয়াতে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু রাশিয়া ও উত্তর কোরিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।
ক্ষেপণাস্ত্র বানানোর কারখানা বড় করার ব্যাপারে জানতে চাওয়া হয় জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশনের কাছে। তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি পাওয়ায় পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বেড়েছে। গত জুনে কিম ও পুতিন একটি সামরিক সহযোগিতা চুক্তির মাধ্যমে তাঁদের জোটকে আনুষ্ঠানিকভাবে সুদৃঢ় করেছেন।