হুতি বিদ্রোহীদের হাতে জাতিসংঘের ২০ কর্মী আটক

ইয়েমেনের সানায় জাতিসংঘের ২০ কর্মীকে আটক করেছে হুতি বিদ্রোহীরা। আটক কর্মীরা জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করতেন। তাদের মধ্যে স্থানীয় ও বিদেশি কর্মী আছেন। রয়টার্সের প্রতিবেনে এসব তথ্য জানানো হয়।

রোববার জাতিসংঘের ইয়েমেন প্রতিনিধি জানান, সানার হাদা এলাকায় অবস্থিত জাতিসংঘের ওই কার্যালয় থেকে ৫ জন ইয়েমেনি ও ১৫ জন বিদেশি কর্মীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় ১১ জনকে।

অভিযানের সময় কার্যালয়ের কম্পিউটার, ফোন ও সার্ভারসহ সব যোগাযোগ সরঞ্জাম জব্দ করে হুতিরা।

কর্মীদের উদ্ধারের বিষয়ে হুতিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। এই ঘটনায় উদ্ধেগ জানিয়ে কর্মীদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত কয়েক মাসে ইয়েমেনে ৫০ জনেরও বেশি কর্মীকে আটক করা হয়েছে।