প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর্টিলারি রকেট এবং এআই পরিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
স্পেশাল মিশন ওয়ারহেড প্রকল্পের আওতায় তৈরি এসব ক্ষেপণাস্ত্রের শক্তি এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা যাচাই করতেই এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ বিষয়ে কিম জং উন জানান, আধুনিক যুদ্ধের ক্ষেত্রে উন্নতমানের এসব অস্ত্র খুব সফলভাবে খাপ খাইয়ে নিতে পারবে। একশ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রগুলো দক্ষিণ কোরিয়ার সীমান্তে মোতায়েন করতে চান বলেও জানান তিনি।
এদিকে, উত্তর কোরিয়ার সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে অবগত থাকার কথা জানিয়েছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার এই উদ্যোগের ফলে ঐতিহাসিকভাবে শত্রুভাবাপন্ন এই দেশ দুটির মধ্যে বিদ্যমান সম্পর্কের আরও অবনতি হবে বলেই ধারণা করা হচ্ছে।