উত্তর কোরিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের সক্ষমতা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। বিভিন্ন সামরিক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মিশনে এসব অস্ত্র মোতায়েনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পারমাণবিক উপাদান উৎপাদন ও অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনকালে কিম এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এসময় উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা কোনোভাবেই পরিবর্তন হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
কিম জং উন বলেন, সংবিধানে স্বীকৃত পারমাণবিক রাষ্ট্রের মর্যাদা অস্বীকারের যেকোনো প্রচেষ্টাকে যুদ্ধের প্রকাশ্য ঘোষণা হিসেবে বিবেচনা করবে পিয়ংইয়ং।
এদিকে, সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার ৩ সেনা আহত হওয়ার ঘটনা ঘিরে ২ কোরিয়ার মধ্যে উত্তেজনা বাড়ছে। এ ঘটনায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে মাইন পুঁতে রাখার অভিযোগ তুলেছে সিউল। তবে অভিযোগ অস্বীকার করেছে পিয়ংইয়ং।
দক্ষিণ কোরিয়ার ধারণা, উত্তর কোরিয়ার হাতে বর্তমানে ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।


