ব্যাংককে স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে নিহত ৬, আহত ১৫

থাইল্যান্ডের ব্যাংককে একটি স্কুলে বন্দুক হামলায় ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের মধ্যে দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।

হামলাকারীর পরিচয় নিশ্চিত করা হয়েছে। হামলাকারী ১৪ বছর বয়সী নবম শ্রেণির শিক্ষার্থী। হামলার পর ওই শিক্ষার্থী আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, ওই হামলাকারী স্কুলে হামলার আগে বাড়িতে তার দাদা–দাদিকেও হত্যা করে। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

হামলার শিকার হওয়া স্কুলের শিক্ষার্থীরা জানিয়েছে, ঘটনার সময় তারা ভেবেছিল বাইরে আতশবাজি ফুটছে। হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। 

এ ঘটনায় হতাহতদের প্রতি শোক জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্ন ভিরাকুল। দেশটিতে অস্ত্র আইন বেশ কঠোর। সেখানে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ডে বেসামরিক নাগরিকদের কাছে থাকা বন্দুকের হার অন্যতম বেশি। একইসাথে সম্প্রতি থাইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে।