রোহিঙ্গা গণহত্যার দায়ে ঐতিহাসিক রায়ের পরও মিয়ানমারে চলছে নির্যাতন

রোহিঙ্গা গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায়ের পরও থামছে না মিয়ানমারে জান্তা সরকারের বর্বরতা। রায় ঘোষণার পর গত কয়েক দিনে বিয়ের আসর, আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে দফায় দফায় বিমান হামলায় চালিয়েছে সেনাবাহিনী। নিহত হয়েছে অন্তত ৬০ জন। 

এ নৃশংসতায় দেশটির গৃহযুদ্ধ নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। 

গত ১৯ নভেম্বর রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজে। কিন্তু সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই দেশটির বিভিন্ন প্রান্তে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সামরিক বাহিনী।

শনিবার উত্তর-পূর্বাঞ্চলীয় মো বাই এলাকায় বাস্তুচ্যুতদের বিয়ের অনুষ্ঠানে বর্বর বিমান হামলায় সেনাবাহিনী। এতে শিশুসহ হতাহত হয় ৬০ জনের বেশি মানুষ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে দ্বিতীয় দফায় বোমা হামলা চালানো হয়।

একই দিন রাখাইন রাজ্যের ম্রাউক-উ শহরের একটি বাজারে বিমান হামলায় অন্তত ৯ জন প্রাণ হারান। একই এলাকায় পৃথক হামলায় আরও বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। এছাড়াও ২৬ নভেম্বর মাগওয়ে অঞ্চলে একটি স্কুল ও মঠ প্রাঙ্গণে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশু ও বেসামরিক নাগরিকসহ অন্তত ২৯ জন নিহত হন। 

২০২১ সালে নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে জান্তা সরকার। এরপর গৃহযুদ্ধে এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংঘাত পর্যবেক্ষক সংস্থা অ্যাকলেড।

বিশ্লেষকরা বলছেন, আইসিজের গণহত্যার রায়ের পরপরই এসব হামলা প্রমাণ করছে আন্তর্জাতিক চাপ ও সমালোচনা সত্ত্বেও এই নৃশংসতা বন্ধে আগ্রহী নয় মিয়ানমারের সামরিক নেতৃত্ব।