যে কারণে সরানো হলো ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে

রাশিয়ার সঙ্গে যুদ্ধের ৫৫০ দিনের মাথায় প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে সরিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল রোববার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এমনটি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।  জেলেনস্কি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তাঁর নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন। 

বিশ্লেষকদের ধারণা, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বড় ধরনের দুর্নীতি হয়েছে। আর এ জন্যই সরানো হয়েছে রেজনিকভকে। 

রোববার এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধে ৫৫০ দিনের মতো দায়িত্ব পালন করেছেন ওলেক্সি। আমার মনে হয় সেনাবাহিনী ও বেসমারিক লোকজনের মধ্যে বৃহৎ আকারে যোগাযোগ করানোর জন্য মন্ত্রণালয়ের নতুন কৌশল প্রয়োজন। 

বর্তমানে সোভিয়েত যুগের অস্ত্রশস্ত্র ফেলে পশ্চিমা অস্ত্রের দিকে ঝুঁকছে ইউক্রেন। এরমধ্যে সেনাসদস্য বাড়ানো দেশটির জন্য এখন বড় চ্যালেঞ্জ। 

পশ্চিমারা ইউক্রেনীয়দের অস্ত্র দিলেও ইউক্রেনের সেনারা তা চালনায় পারদর্শী না। এ কারণে রাশিয়ার যুদ্ধেও তাঁদের বেগ পেতে হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রীর জন্য এটি হবে অন্যতম প্রধান চ্যালেঞ্জ।  ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝজিয়া ও দোনেৎস্ক অঞ্চলে পশ্চিমা অস্ত্রশস্ত্র মোতায়েন করলেও এর কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে। 

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, রেজনিকভ বিশ্ব মঞ্চে ইউক্রেনের মুখপাত্র ছিলেন। রাশিয়া যুদ্ধ শুরুর পর যে কয়েকজন কর্মকর্তা কিয়েভ ছাড়েননি তাঁদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। 

এদিকে ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রুস্তেম উমেরের নাম ঘোষণা করেছেন জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার তাতার মুসলিম সম্প্রদায়ে এক শীর্ষ নেতা উমেরভ। তিনি ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পত্তি তহবিলের পরিচালক ছিলেন। উমেরভ সোভিয়েত ইউনিয়নের উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন। শিশু বয়সে তিনি ক্রিমিয়ায় এসে পড়েন।

রাশিয়া হামলা চালানোর উমেরভ বেসামরিক লোকজন সরানো ও  রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময় চুক্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেন-রাশিয়ার শস্যচুক্তির আলোচনাতেও প্রতিনিধি ছিলেন উমেরভ।   

যুদ্ধ শুরুর পর রাশিয়াও সামরিক নেতৃত্বে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে। গত জুনে রুশ সেনাদের সমালোচনা করে বিদ্রোহের চেষ্টা করে রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনার। সম্প্রতি রাশিয়ায় উড়োজাহাজ দুর্ঘটনায় মৃত্যু হয় ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের।