উড়োজাহাজের ভেতরে গ্রেনেড বিস্ফোরণে রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার মস্কোভিত্তিক থিঙ্ক ট্যাংক প্রতিষ্ঠান ভালদাই ডিসকাশন ক্লাব আয়োজিত এক বৈঠকে তিনি এমনটি জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র প্রিগোজিন গত ২৩ জুন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এমনকি নিজের যোদ্ধাদের নিয়ে মস্কোর দিকে যাত্রাও শুরু করেন তিনি। গত আগস্টে ব্যক্তিগত উড়োজাহাজে করে রাশিয়ার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ শহরে যাচ্ছিলেন প্রিগোজিন। পথে কুঝেনকিনো এলাকায় তাঁর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়।
এ প্রসঙ্গে পুতিন জানান, প্রিগোজিনের উড়োজাহাজ ভেতর থেকে উড়িয়ে দেওয়া হয়েছিল। সেটিকে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়নি।
এদিকে উড়োজাহাজ দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের শরীরে অ্যালকোহল এবং ড্রাগ পরীক্ষা না করা তদন্তকারীদের ভুল ছিল বলেও বৈঠকে উল্লেখ করেন পুতিন। তিনি বলেন বলেন, আমার মতে, এই ধরনের পরীক্ষা করা উচিত ছিল, কিন্তু তা হয়নি।
রাশিয়ার তদন্তকারীরা জানিয়েছেন যে, তারা সব দিক বিবেচনা করে তদন্ত করছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর দাবি, পুতিনের নির্দেশেই প্রিগোজিনকে হত্যা করা হয়েছে। যদিও এসব দাবিকে মিথ্যা’ হিসেবে অভিহিত করেছে মস্কো।