আইসল্যান্ডের আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত

আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আরেকটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। নতুন ফাটলের অবস্থান রেকজেনেস উপদ্বীপে। যা ডিসেম্বরের পর থেকে এই অঞ্চলে পঞ্চম অগ্ন্যুৎপাত।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে স্থানীয় গ্রিন্দাভিক শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তবে ওই অঞ্চলে জরুরি অবস্থা জারি করলেও আকাশপথে চলাচল প্রভাবিত হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নতুন ফাটলটি আড়াই কিলোমিটারের চেয়ে বেশি দীর্ঘ এবং ক্রমেই তা বাড়ছে বলে জানিয়েছে আইসল্যান্ডের আবহাওয়া বিভাগ।

আইসল্যান্ডে ৩৩টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। গ্রহের সবচেয়ে বড় দুই টেকটোনিক প্লেটের মাঝে দেশটির অবস্থান।