পাকিস্তানে সৌরবিদ্যুতের ব্যাপক বিস্তারে জাতীয় বিদ্যুৎ গ্রিড বড় ধরনের সংকটে পড়েছে। ঘরে ঘরে সোলার প্যানেল স্থাপনের ফলে গ্রিডের বিদ্যুতের চাহিদা কমে গেছে। এতে গ্রিডের রক্ষণাবেক্ষণ ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ছে সরকারের জন্য।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, একসময় বিয়ের উপহার হিসেবে মোটরসাইকেল বা আসবাবপত্র দেওয়ার প্রচলন থাকলেও দেশটিতে এখন জনপ্রিয় হয়ে উঠেছে সোলার প্যানেল। পাঞ্জাবের এক বাসিন্দা জানান, বিয়েতে উপহার পেয়েছেন ৩৪০ ওয়াটের একটি সোলার প্যানেল। গ্রীষ্মকালে দিনের বেলায় এই প্যানেল দিয়েই তাদের পরিবারের অধিকাংশ বিদ্যুতের চাহিদা পূরণ হয়। এমনকি এয়ার কুলার ও এসিও চালানো সম্ভব হচ্ছে।
থিংক ট্যাংক রিনিউঅ্যাবলস ফার্স্টের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে পাকিস্তানের মোট বিদ্যুৎ ব্যবহারে সৌরশক্তির অংশ ছিল মাত্র ১ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশে। বর্তমানে দেশটির প্রায় ৭০ লাখ পরিবার সোলার প্যানেল ব্যবহার করছে।
বিদ্যুতের অতিরিক্ত দাম এই পরিবর্তনের অন্যতম কারণ। দেশটিতে গড় মাসিক আয় প্রায় ৪০ হাজার রুপি হলেও অনেক পরিবারের বিদ্যুৎ বিল দাঁড়ায় ১৫ থেকে ১৮ হাজার রুপি। পাশাপাশি সস্তা চীনা সোলার প্যানেলের দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় সৌরবিদ্যুতের ব্যবহার দ্রুত বেড়েছে।
তবে এই পরিবর্তনে জাতীয় গ্রিডের ওপর আর্থিক চাপ বাড়ছে। গ্রাহকরা গ্রিড থেকে বিদ্যুৎ কেনা কমিয়ে দেওয়ায় রক্ষণাবেক্ষণের ব্যয় বহনের দায়িত্ব বাকি গ্রাহকদের ওপর পড়ছে। দেশটির বিদ্যুৎমন্ত্রী আওয়াজ আহমেদ লেঘারির দাবি, গত দুই বছরে গ্রিড থেকে গ্রাহকদের সরে যাওয়ায় বছরে ৫০ কোটি ডলারের বেশি অতিরিক্ত বোঝা তৈরি হয়েছে।
শিল্পকারখানাগুলোও উৎপাদন খরচ কমাতে সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে। অনেক প্রতিষ্ঠান ভবিষ্যতে বড় ব্যাটারি স্থাপনের পরিকল্পনা করছে।
এদিকে ২০৩৬ সালের মধ্যে নবায়নযোগ্য ও পারমাণবিক উৎস থেকে ৯০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে পাকিস্তান সরকার। বিশেষজ্ঞদের মতে, সৌরবিদ্যুতের প্রসারের পাশাপাশি জাতীয় গ্রিডকে আধুনিক ও টেকসই করাই এখন দেশটির বড় চ্যালেঞ্জ।


