সিসিলি উপকূলে বিলাসবহুল প্রমোদতরী ডুবে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ৬ জন। নিখোঁজদের মধ্যে ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চ ও তাঁর মেয়ে রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শেষরাতে প্রবল ঝড়ের কবলে পড়ে স্থানীয় সময় সোমবার ভোরে ডুবে যায় প্রমোদতরীটি। জাহাজটিতে ব্রিটিশ, আমেরিকান ও কানাডিয়ান নাগরিকসহ মোট ২২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চালানোর সময় এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়।
বায়েসিয়ান নামের প্রমোদতরীটি রোববার শেষরাতে প্রবল ঝড় আর উত্তাল ঢেউয়ের কবলে পড়ে। ওই সময় জাহাজটি সৈকত থেকে আধা কিলোমিটার দূরে সাগরের মধ্যে নোঙর করা ছিল। প্রচণ্ড ঝড়ে এর মাস্তুল ভেঙে যায়। ফলে জাহাজটি ভারসাম্য হারিয়ে সিসিলির পোর্টিসেলো উপকূলে ডুবে যায়।
প্রমোদতরীটিতে ১২ জন যাত্রী ও ১০ ক্রু ছিলেন। নিখোঁজদের মধ্যে প্রযুক্তি উদ্যোক্তা ধনকুবের মাইক লিঞ্চ ও তাঁর ১৮ বছর বয়সী মেয়ে হ্যান্না রয়েছেন। ইতালির কোস্টগার্ড জানিয়েছে, মাইক ও হ্যান্না ছাড়া নিখোঁজ বাকি চার ব্যক্তির মধ্যে দুজন ব্রিটিশ ও দুজন আমেরিকান।
নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। ইতালির কোস্টগার্ড তাদের নৌ-যান, ডুবুরি ও হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।