পারমাণবিক সাবমেরিন দিয়ে গ্যাস রপ্তানির পরিকল্পনা করছে রাশিয়া

গ্যাস পরিবহনের জন্য পরমাণু শক্তিচালিত সাবমেরিন (ডুবোজাহাজ) তৈরির পরিকল্পনার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রুশ প্রশাসনের ওই কর্মকর্তা বলেন, এর সাহায্যে আর্কটিক অঞ্চল থেকে এশিয়ায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হবে। এতে সময় অনেক কমা লাগবে। বর্তমানে উত্তর সাগর হয়ে গ্যাস পরিবহন করতে সময় লাগে ২০ দিন, সেটি কমে ১২ দিনে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেছেন রাশিয়ার কুরচাতোভ ইনস্টিটিউটের পরিচালক ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী মিখাইল কভালচাক। সেন্ট পিটার্সবার্গে আয়োজিত এক সম্মেলনে তিনি বলেন, ‘নতুন শ্রেণির এ যান গ্যাস পরিবহনের জন্য ভালো একটি বিকল্প হতে পারে।’

কয়েকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ২০০০ সাল থেকেই এই পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে কুরচাতোভ ইনস্টিটিউট ও গ্যাজপ্রম আনুষ্ঠানিকভাবে জাহাজটির নকশা তৈরির প্রক্রিয়া শুরু করেছে।

পরিকল্পিত এ সাবমেরিনের দৈর্ঘ্য ৩৬০ মিটার ও প্রস্থ ৭০ মিটার হবে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, এ ধরনের সাবমেরিনের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার টন এলএনজি পরিবহন করা যাবে।