পাহাড়ি পথে মিলল ৫৯৮ স্বর্ণমুদ্রা ও মূল্যবান সামগ্রী

পাহাড়ে উঠতে গিয়ে একটি রহস্যময় লোহার বাক্স পেয়েছেন দুজন পর্বতারোধী। বাক্সটি খুলতেই মিলল ৫৯৮ স্বর্ণমুদ্রাসহ আরও মূল্যবান সামগ্রী। ঘটনাটি ঘটেছে চেক প্রজাতন্ত্রের ক্রকোনোসে পর্বতমালায় ওঠার সময়ে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, উদ্ধার হওয়া গুপ্তধনের মূল্য আনুমানিক ৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। তবে রহস্যময় বাক্সটি ওই পাহাড়ি পথে কীভাবে এল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পর্বতারোহীরা জানান, তারা একটি পাথুরে পথ বেয়ে ওপরে উঠছিলেন। হঠাৎ একটি পাথরের ফাঁকে লোহার বাক্সটি দেখতে পান। তারপর সেটি খোলার পর দেখা যায়, ৫৯৮টি সোনার মুদ্রা, সোনার ব্রেসলেট, একটি সিগারের বাক্স, পাউডার কম্প্যাক্ট ও ধাতব জিনিসপত্র রয়েছে সেখানে।

পরে ওই দুই পর্বতারোহী বাক্সটিকে বোহেমিয়ার হ্রাদেক ক্রালোভে জাদুঘরে নিয়ে যান। এখন সেখানে প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞরা এগুলো পরীক্ষা করছেন।

জাদুঘরের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান মিরোস্লাভ নোভাক বলেন, ‘মুদ্রাগুলো এই এলাকার নয়। তাই বোঝা যাচ্ছে না কে এগুলো রেখেছে বা কেন রেখেছে।’

মিরোস্লাভ নোভাক আরও জানান, একটি মুদ্রা ১৯২১ সালের বলে শনাক্ত করা হয়েছে। এটি কোনো ঐতিহাসিক ঘটনার সঙ্গে সম্পৃক্ত কি না, তা বোঝা যাচ্ছে না।

এই প্রত্নতত্ত্ববিদ মনে করেন, এই গুপ্তধনগুলো হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কোনো চেক বা ইহুদি পরিবার লুকিয়ে রেখেছিল অথবা ১৯৪৫ সালের পরে জার্মানদের স্থানান্তরের সময় কারও ফেলে যাওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত এসবই শুধু অনুমান।

নোভাক বলেন, গবেষণা শেষ হলে এই মূল্যবান সামগ্রী জনসাধারণের জন্য প্রদর্শন করা হবে। আপাতত সবকিছু একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে।