সম্মুখযুদ্ধে আরও এগিয়ে গেল রুশ বাহিনী। ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আগে হুট করেই নতুন এলাকা দখল নিল দেশটি। কয়লাখনির শহর দোব্রোপিলিয়ার কাছেই ১০ কিলোমিটার এলাকা এখন তাদের দখলে। এর মাধ্যমে ইউক্রেনকে আরও স্পষ্ট বার্তা দিয়েছে রাশিয়া।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, পূর্ব ইউক্রেনে হুট করেই এই এলাকা দখল করে নিল রাশিয়া। ইউক্রেন যুদ্ধ নিয়ে কাজ করা ডিপস্ট্যাটের আজ মঙ্গলবারের তথ্য থেকে জানা যায়, সম্মুখযুদ্ধে ১০ কিলোমিটার এগিয়ে গেছে রুশ যোদ্ধারা। দনেৎস্ক এলাকা পুরোপুরি দখলে নেওয়ার ক্ষেত্রে এটি আরেক ধাপ।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠকে ইউক্রেনের দখল হওয়া কিছু ভূখণ্ড ফেরানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ট্রাম্প বলেন, রাশিয়া ইউক্রেনের বড় অংশ দখল করে নিয়েছে। সেসব অঞ্চলের কিছু অংশ ফেরানোর চেষ্টা করবেন তিনি।
ট্রাম্প জানান, শুক্রবার আলাস্কায় বৈঠকের প্রধান লক্ষ্য, ইউক্রেন যুদ্ধ শেষ করা। জমি বিনিময় নিয়েও কথা হতে পারে। পুতিন ন্যায্য চুক্তি প্রস্তাব করলে ইউরোপীয় নেতাদের জানাবেন ট্রাম্প। তবে তার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে কথা বলবেন তিনি।
অবশ্য, ট্রাম্প-পুতিন বৈঠকে জেলেনস্কিকে রাখতে ইউরোপীয় নেতাদের চাপ বাড়ছে। জেলেনস্কিও সতর্ক করে বলেছেন, কিয়েভকে বাদ দিয়ে কোনো চুক্তি হলে তা কার্যকর হবে না।