জার্মানিতে আগুনে ৩ ভারতীয়র মৃত্যু, রোমানীয় নাগরিক গ্রেপ্তার

জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক রোমানীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে আগুনের খবর পেয়ে জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ভবনটির দ্বিতীয় তলায় তিনজনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ধোঁয়ায় দমবন্ধ হয়ে আরও পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে বৈদ্যুতিক ত্রুটি বা দুর্ঘটনাজনিত আগুনের কোনো প্রাথমিক প্রমাণ মেলেনি।

পুলিশের তথ্য মতে, আগুন লাগার দুদিন আগে ওই ভবনে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়েছিল। এ নিয়ে পুলিশও ডাকা হয়। এর একদিন পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগের বিরোধের সঙ্গে আগুন লাগানোর ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।