নিলামে রেকর্ড ১৯.৪ মিলিয়ন ডলারে বিক্রি ভ্যান গঘের চিত্রকর্ম

বিশ্ব বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম গত বুধবার নিলামে ১৯০ দশমিক ৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। নাৎসি শাসনামলে ছবিটি বিক্রি করা নিয়ে আগের মালিকের উত্তরাধিকারীদের সঙ্গে বর্তমান মালিকের বিরোধের অবসানের পর ছবিটি নিলামে তোলা হয়। নিলামের আয়োজক প্রতিষ্ঠান সদবি’স এ তথ্য জানিয়েছে। চিত্রকর্মটি কে কিনেছেন, তা এখনো জানা যায়নি। 

‘শাতানিয়ে আঁ ফ্লর’ (চেস্টনাটগাছে ফুল) শিরোনামের ছবিটি ১৮৯০ সালে ফ্রান্সের অভের-সুর-ওয়াজ এলাকায় এঁকেছিলেন ভ্যান গঘ। নিলামে বিক্রির মধ্য দিয়ে শিল্পীর কোনো চিত্রকর্মের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড তৈরি হয়েছে। চলতি নিলাম মৌসুমে এ পর্যন্ত বিক্রি হওয়া শিল্পকর্মগুলোর মধ্যেও এটি সবচেয়ে দামি।

নিলামের আগে তেলরঙে আঁকা এই চিত্রকর্মটির সম্ভাব্য দাম ধরা হয়েছিল ১৮ কোটি ডলার। ‘ব্লাকিয়ার-আরিয়েতা কালেকশন’ নামের একটি সংগ্রহের অংশ হিসেবে এটি নিলামে তোলা হয়েছিল।

নাৎসিদের উত্থানের সময় শিল্পকর্মটি চাপের মুখে বিক্রি করা হয়েছিল বলে একটি বিতর্ক চলছিল। নিলামের ঠিক আগমুহূর্তে সমঝোতার মাধ্যমে সেই বিরোধ মিটে যাওয়ার পর চিত্রকর্মটি বিক্রির পথ তৈরি হয়।

১৮৯০ সালে ভ্যান গঘের জীবনের শেষ দুই মাসে চিত্রকর্মটি আঁকা হয়েছিল। সদবি'স-এর মতে, ব্যক্তিগত সংগ্রহে থাকা ওই সময়ের শিল্পকর্মগুলোর মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।