লিবিয়ার বেনগাজি বন্দরে ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। ইউক্রেনের সামুদ্রিক সি-ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লিবিয়ার নৌবাহিনী জাহাজের নাবিক ও কর্মীদের উদ্ধার করেছে। হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
জ্বালানি সংগ্রহ ও রসদ সরবরাহের জন্য মারকুরি নামের রুশ নৌবাহিনীর করভেট যুদ্ধজাহাজটি বেনগাজি বন্দরে নোঙর করা ছিল। হামলায় এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও দায় স্বীকার করেনি কোন পক্ষ।
স্থানীয় কর্মকর্তারা জানান, জাহাজটিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালায়। এর মধ্যে অন্তত চারটি ড্রোন প্রতিহত করা হয়। তবে দুটি ড্রোন সরাসরি আঘাত হানে এবং বড় ধরনের বিস্ফোরণ ঘটায়।
ভূমধ্যসাগরে এই হামলা চলমান যুদ্ধের ভৌগোলিক পরিধি সম্প্রসারিত হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।