রাজনৈতিক অস্থিরতা ও ভারতবিরোধিতার অভিযোগ তুলে বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা। বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক উজ্বল ঘোষ বলেন, ‘গত বছরের ডিসেম্বরে আমরা এ সিদ্ধান্ত নিয়েছিলাম। সে সময় শিক্ষার্থী ও চিকিৎসার জন্য আসা বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছিল। তবে এখন থেকে আর কোনো বাংলাদেশিকেই হোটেল ভাড়া দেওয়া হবে না।’
উজ্বল ঘোষ আরও বলেন, ‘মানবিক কারণে বাংলাদেশি শিক্ষার্থী ও অসুস্থ ব্যক্তিদের হোটেল দেওয়া হচ্ছিল, যারা ভারতে পড়াশোনা ও চিকিৎসার জন্য এসেছিলেন। কিন্তু বাংলাদেশে সহিংসতা এবং ভারতবিরোধী বক্তব্যের কারণে আমরা আর কোনো বাংলাদেশির কাছে হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতির অধীনে সেখানে ১৮০টি হোটেল রয়েছে বলে জানান সংগঠনটির যুগ্ম সম্পাদক। এসব হোটেল কঠোরভাবে এ নিষেধাজ্ঞা মেনে চলবে।
এছাড়া সংগঠনের বাইরে থাকা অন্তত ৫০টি হোটেলও বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দিচ্ছে না বলে একটি সূত্র দাবি করেছে। এসব হোটেল নিজ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবছর অনেক বাংলাদেশি শিলিগুড়ি যান। এদের বেশিরভাগ শিক্ষা ও চিকিৎসার জন্য সেখানে যান।