ভারতের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস টানা চতুর্থবারের মতো রাজ্যে সরকার গঠন করতে চলেছে। নির্বাচন নিয়ে পরিচালিত জরিপ এমন তথ্যই জানাচ্ছে।
সোমবার ‘ভোট ভাইব’-এর উদ্যোগে পরিচালিত এক জনমত জরিপ প্রকাশ করেছে সিএনএন-নিউজএইটিন। এতে দেখা যায়, ২৯৪ আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ১৭৪ থেকে ১৮৪টি আসন। অন্যদিকে, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ১০০টির বেশি আসন পেতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।
টানা ১৫ বছর পশ্চিমবঙ্গের ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। জরিপ বলছে, সাধারণ মানুষের আস্থা এখনও দলটির প্রতিই রয়েছে।
অন্যদিকে, আগের বিধানসভা নির্বাচনের চেয়ে বিজেপির আসন কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে এই নির্বাচনে ক্ষমতায় আসার লক্ষ্য পূরণ না হলেও রাজ্যে প্রধান ও শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারে মোদির দল।
এছাড়া জরিপে আরও একটি বিষয় স্পষ্ট যে, বামফ্রন্ট ও কংগ্রেসের জন্য এই নির্বাচনে তেমন কোনো আশার আলো দেখা যাচ্ছে না। বিশ্লেষকদের মতে, মূল প্রতিদ্বন্দ্বিতা থাকবে তৃণমূল ও বিজেপির মধ্যেই। বাম-কংগ্রেস জোটের ভোটব্যাংকও এই নির্বাচনে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না বলেই ধারণা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোট গণনা ও ফল ঘোষণা হবে ৪ মে।