বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে কাউকে বাবরি মসজিদ নির্মাণ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ বলেন, তিনি (মমতা) যতই ক্ষমতা প্রয়োগ করুন, ভারতের মাটিতে কোনো বাবরি মসজিদ নির্মাণ হবে না।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘এই বাংলার মাটিতে মমতা ব্যানার্জি বাবরি মসজিদ নির্মাণ করতে চান। কিন্তু মমতাকে আমি কান খুলে শুনে রাখতে বলছি। ভারতের মাটিতে কোনো বাবরি মসজিদ নির্মাণ করতে দেয়া হবে না। আপনি যতই ক্ষমতার ব্যবহার করুন না কেনো কোনোকিছু কাজে লাগবে না।’
প্রসঙ্গত, ভারতের উত্তরপ্রদেশে অযোধ্যা শহরে নির্মিত বাবরি মসজিদ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভেঙে ফেলা হয়। তবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সন্ত্রাসবাদ ইস্যুতেও কেন্দ্রের সাবেক কংগ্রেস সরকার এবং মমতাকে আক্রমণ করে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, মনমোহন সিংয়ের আমলে দেশে প্রতিদিন পাকিস্তান মদদপুষ্ট সন্ত্রাসীরা প্রবেশ করেছে।
অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে পারলে সব অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বিতাড়িত করবে। এদিকে উত্তর দিনাজপুরে নির্বাচনী প্রচারণায় মমতা আবারও অভিযোগ করেন, বিজেপি গোটা দেশকে ভেঙে ফেলতে চায়।