পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতায় নিহত ৪ 

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতায় ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় সময় গত সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত বিভিন্ন স্থানে এসব সহিংসতায় এ ঘটনা ঘটে।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, নিহত ৪ জনের মধ্যে ২ জন তৃণমূল ও ২ জন বিজেপির কর্মী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিক রেষারেষি ও ব্যক্তিগত শত্রুতার জের ধরেই এসব হত্যাকাণ্ড হয়েছে। 

উত্তর ২৪ পরগনায় তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে ন্যাজাট থানার ওসি ভরত প্রসূন কর গুলিবিদ্ধ হন। একই ঘটনায় একজন কনস্টেবলও আহত হন। এসব সহিংসতার জন্য একে অপরকে দায়ী করছে বিজেপি ও তৃণমূল। 

এদিকে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়াসহ বিভিন্ন স্থানে তৃণমূলের দলীয় কার্যালয় দখল ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর থেকেই সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটছে।