ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকার গঠন করতে আবারও হোঁচট খেলেন জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। শেষ মুহুর্তে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাঝাগমের (টিভিকে) সঙ্গে জোট না গড়ার সিদ্ধান্ত জানিয়েছে ইনডিয়ান ইউনিয়ন মুসলিক লিগ (আইইউএমএল) এবং আম্মা মাক্কাল মুনেত্রা কাঝাগম (এএমএমকে)।
এদিকে, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা যায়, রাজ্যের ২৩৪ বিধানসভা আসনের মধ্যে বিজয়ের দল টিভিকে সবচেয়ে বেশি ১০৮টি আসন পেয়েছে। কিন্তু এককভাবে সরকার গঠন করতে প্রয়োজন ১১৮টি আসন। বিজয় নিজে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছেন, ফলে একটি আসন তাঁকে ছেড়ে দিতে হবে। এতে করে টিভিকে আসন সংখ্যা কমে দাঁড়াবে ১০৭টিতে। ফলে ১১৮-তে পৌঁছাতে তাঁদের প্রয়োজন আরও ১১টি আসন।
এই প্রেক্ষাপটে জোটসঙ্গী খুঁজতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজয়ের নবাগত দল টিভিকে। ইতোমধ্যেই সেক্যুলার প্রগ্রেসিভ অ্যালায়েন্সের (এসপিএ) কংগ্রেস, সিপিআই ও সিপিআইএম- এই তিনদলের সমর্থন পেয়েছে তাঁর দল। কংগ্রেসের ৫টি, সিপিআই'র ২টি এবং সিপিআইএম'র ২টি মিলিয়ে মোট ৯টি আসন যোগাড় করতে পেরেছে বিজয়ের দল। এখনও প্রয়োজন আরও ২টি আসন।
বিজয়ের প্রত্যাশা ছিল, নির্বাচনে ২টি আসন জেতা এসপিএ জোটের ইনডিয়ান ইউনিয়ন মুসলিক লিগের (আইইউএমএল) সমর্থন পাবেন তিনি। কিন্তু গতকাল রাতে দলটি বিজয়কে সমর্থন দিতে অস্বীকৃতি জানায়। পাশাপাশি সমর্থন দেবে না বলে জানিয়েছে আম্মা মাক্কাল মুনেত্রা কাঝাগম (এএমএমকে)।
এএমএমকে শুধু বিজয়ের দলের সাথে জোটবদ্ধ হতেই অস্বীকৃতি জানায়নি, তাঁরা রাজ্যের গভর্নরের কাছে নিজেদের জোটসঙ্গী এআইএডিএমকে-কে সরকার গঠনের সুযোগ করে দেওয়ার আবেদন জানিয়েছে।
তবে এসপিএ জোটের আরেক দল, ভিসিকে'র দুই বিধায়কের সমর্থন পেলেও 'ম্যাজিক ফিগার' ১১৮-তে পৌঁছে যাবে বিজয়ের টিভিকে। গতকাল সন্ধ্যা পর্যন্ত মনে হচ্ছিল, ভিসিকে'র সমর্থন পেতে চলেছে তাঁরা। কিন্তু এখনও লিখিত সমর্থন না পাওয়ায়, রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার বিজয়কে শপথ গ্রহণের জন্য এখনও আমন্ত্রণ জানাননি। তিনি লিখিত প্রমাণ চান যে, বিজয়ের দলের কাছে ১১৮ বিধায়কের সমর্থন আছে।
যদিও গভর্নরের এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। কেননা সংবিধান অনুযায়ী, গভর্নর চাইলে বিজয়কে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে পারেন এবং পরবর্তীতে বিজয়কে ২ থেকে ৩ সপ্তাহের সময় বেঁধে দিতে পারেন যে সময়ের মধ্যে তাঁকে বিধানসভায় ফ্লোর টেস্টে তাঁর দলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। এমনটা এর আগে মহারাষ্ট্র, কর্ণাটক, ঝাড়খণ্ডসহ বেশ কয়েকটি রাজ্যের রাজ্যপাল করেছেন। এমনকি এ বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনাও রয়েছে।
ভোটের ফলাফল প্রকাশের পর গতকাল পর্যন্ত তিনবার রাজ্যের তিনবার রাজ্যের গভর্নরের সাথে লোকভবনে গিয়ে দেখা করে সরকার গঠনের আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু প্রতিবারই গভর্নর জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় তখনই শপথ নিতে পারবেন, যখন ১১৮ বিধায়কের লিখিত সমর্থন তিনি জমা দেবেন। এখন পর্যন্ত টিভিকের ১০৭ বিধায়ক এবং কংগ্রেস-সিপিআই-সিপিআইএম'র সম্মিলিত ৯ বিধায়কের সমর্থন আছে বিজয়ের ঝুলিতে।
অর্থাৎ, ১১৬ বিধায়কের সমর্থন প্রাপ্ত বিজয়ের এখন প্রয়োজন আরও দুই বিধায়কের সমর্থন। তবেই তামিলনাড়ুর রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হবে।