শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন জনকে গ্রেপ্তার করেছে তদন্তকারী দল। রোববার উত্তরপ্রদেশ ও বিহার থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
চন্দ্রনাথ হত্যার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল আততায়ীদের খোঁজে উত্তরপ্রদেশ ও বিহারে অভিযান চালায়। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে পেশাদার শুটার রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানিয়েছে, আটক ময়ঙ্ক এবং ভিকিকে বিহারের বক্সার থেকে আটক করা হয়েছে। রাজকে ধরা হয়েছে উত্তরপ্রদেশের বালিয়া থেকে। আজ সোমবার এই তিনজনকে আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, গত ৬ মে রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে চন্দ্রনাথকে গুলি করে খুন করা হয়। এতে ঘটনাস্থলেই চন্দ্রনাথের মৃত্যু হয়। তাঁর গাড়ির চালক এখনও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে, অন্তত দেড় মাস আগে থেকে চন্দ্রনাথকে খুনের পরিকল্পনা করা হয়েছিল।
উল্লেখ্য, গত শনিবার (৯ মে) পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী।