ভারতের মণিপুরে ফের সংঘাত, হতাহত ৪

ভারতের মণিপুরে নাগা ও কুকি সম্প্রদায়ের দীর্ঘদিনের জাতিগত বিরোধ আবারও সহিংস রূপ নিয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার কামজং জেলায় সশস্ত্র হামলাকারীরা ৭টি বাড়িতে আগুন দেয়। এতে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। 

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানায়, সংঘাতের খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছান। তবে তার আগেই হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি। 

নাগা ও কুকি সম্প্রদায়ের বিরোধ বহু বছর পুরোনো। সবশেষ উত্তেজনা শুরু হয় মে মাসে, যখন নাগা সশস্ত্র গোষ্ঠীর হাতে ৩ জন কুকি ধর্মযাজক নিহত হওয়ার অভিযোগ ওঠে। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অপহরণের ঘটনা ঘটে। গত এক মাসে অধিকাংশ জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে, তবে  বুধবার নিখোঁজ ৬ নাগা ব্যক্তির মরদেহ উদ্ধারের পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। 

২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে কুকি ও মেইতেই সম্প্রদায়ের সংঘর্ষে এখন পর্যন্ত ২৬০ জন নিহত এবং ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।