ভারতে ৬ বাংলাদেশি আটক  

ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ। অপারেশন ভিস্টা ওয়ান পয়েন্ট ও অভিযানের আওতায় রোববার তাদের আটক করা হয়। এ তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট। 

কর্মকর্তারা জানিয়েছেন, আটককৃত এই ৬ বিদেশি নাগরিক তাদের ডাবল-এন্ট্রি ভিসায় প্রতি সফরে অনুমোদিত সর্বোচ্চ ১৫ দিনের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছিলেন। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিভিন্ন হোটেল ও গেস্টহাউসে পরিচালিত এক বিশেষ যাচাইকরণ অভিযানের সময় এই নিয়ম লঙ্ঘনের বিষয়টি প্রকাশ্যে আসে। 

তারা আরও জানান, আটককৃতদের পাসপোর্ট, ভিসা ও ভ্রমণের নথিপত্র যাচাই শেষে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে আইনি কার্যক্রম শুরু হয়। তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আদেশ জারি করা হয়েছে। এরপর ওই ৬ জনকেই সেবা ধামের ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে। দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন।