রাজনৈতিক দল গঠন নিয়ে মুখ খুললেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) আপাতত নির্বাচনী রাজনীতিতে যাচ্ছে না। তরুণদের আস্থা ফেরাতে গণ-আন্দোলনই এখন প্রয়োজন বলে জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

আন্তর্জাতিক সংবাদের মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎ জানান, আগামী দিনের কর্মসূচি নির্ধারণে জেন-জির মতামত নেওয়া হবে। বুধবার থেকে শুরু হওয়া দুদিনের বৈঠকে তরুণদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।

অভিজিৎ দীপকে বলেন, ‘ককরোচ জনতা পার্টি শুরু করার পর থেকেই আমরা তরুণদের সঙ্গে কথা বলছি। তাদের সবচেয়ে বড় অভিযোগ, কেউ তাদের কথা শোনে না বা তাদের প্রত্যাশা বোঝার চেষ্টা করে না। তাই তরুণদের মতামত ও চাহিদা বুঝেই আমরা সামনে এগিয়ে যেতে চাই।’

এ মুহূর্তে সিজেপির নতুন রাজনৈতিক দল গঠন ভারতের চলমান সংকটের সমাধান নয় বলেও মন্তব্য করেন তিনি। অভিজিৎ বলেন, ‘বরং মানুষের আস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহি ফিরিয়ে আনতে প্রয়োজন একটি শক্তিশালী গণ-আন্দোলন।’

এদিকে প্রশ্ন ফাঁসবিরোধী আন্দোলন শেষে মহারাষ্ট্রে নিজ শহরে ফিরেছেন অভিজিৎ দীপকে।