ভারতের ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। এতে বাংলাদেশিসহ ২৪ জন ক্রু ছিলেন। এদের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২২ জন।
ভারতীয় কোস্টগার্ড জানায়, ক্রুদের মধ্যে ২০ জন চীনের, ৩ জন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।
জাহাজটির নাম ‘এমভি ওশান উইনার’। এটি ওড়িশার পারাদীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের দিকে যাওয়ার সময় শনিবার এই দুর্ঘটনা ঘটে।
জাহাজডুবির কারণ এখনো জানা যায়নি। উদ্ধার অভিযানে ভারতীয় কোস্টগার্ডের ‘বরদ’ ও ‘অনমোল’ নামের দুটি উদ্ধারকারী জাহাজ মোতায়েন করা হয়েছে।
ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে এই উদ্ধার অভিযান চালাচ্ছে।