পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি থেকে মমতাকে আটক করে দিল্লি পুলিশ।
দিল্লির সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছ থেকে মমতা আটক হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আটক হওয়াদের মধ্যে রয়েছেন পার্লামেন্ট সদস্য ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম এবং সাকেত গোখলে।
মমতার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বলেছে, একটি প্রিজন ভ্যানে করে তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত বিক্ষোভের আগে দিল্লিতে জোরদার করা নিরাপত্তার মাঝেই এই আটকের ঘটনা ঘটেছে।
এদিকে ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারও দিল্লিতে আটক হয়েছেন। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভকে কেন্দ্র করে মানিক সরকারকে আটক করা হয়েছে। মানিক সরকার কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া–মার্কসবাদীর (সিপিআই–এম) নেতা।