ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকেকে দিল্লি বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে সিজেপির সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কাকে। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে তাদের আটক করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, শনিবার সকালে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে বহনকারী উড়োজাহাজ দিল্লি বিমানবন্দরে অবতরণের পরই সেখানে ঢুকে পড়ে পুলিশ। যন্তর মন্তরে সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার আগেই তাকে আটক করা হয়েছে।
পুলিশ উড়োজাহাজে প্রবেশ করার সময় ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচারে যান দিপকে। ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের ভেতর থেকে দিপকে এবং সিজেপির অন্য দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ।
অভিজিৎ দিপকের পোস্ট করা ভিডিওতে উড়োজাহাজের ভেতরে হইচই হতে দেখা যায়। সিজেপির সদস্যরা পুলিশের সঙ্গে তর্ক করছিলেন।


