ভারতের দিল্লির যন্তর মন্তরে অনুপ্রবেশের দায়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে ৫ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে জেলে পাঠিয়েছে আদালত। অন্যদিকে, আরেক নেতা অজিঙ্কা শিন্ডেকে ব্যক্তিগত মুচলেকায় মুক্তি দেয়া হয়েছে।
রয়টার্স জানিয়েছে, বুধবার সকালে দিল্লির মন্দির মার্গ এলাকার আদালতে ৩ নেতাকে হাজির করা হয়। পুলিশের ব্যারিকেড অতিক্রম করে যন্তর মন্তরে প্রবেশ ও ভারতের সিইসির পদত্যাগ দাবিতে স্লোগান দেয়ার অভিযোগে মঙ্গলবার তাদের আটক করা হয়।
দিল্লি পুলিশের দাবি, সৌরভ ও আশুতোষ নাগরিক সুরক্ষার ১৬৩ ধারা লঙ্ঘন করেছেন। পাশাপাশি, আগেরবার স্বাক্ষর করা শান্তি বজায় রাখার মুচলেকার শর্তও ভঙ্গ করেছেন বলে অভিযোগ।
এর আগে তাদের ৫০ হাজার রুপির বন্ডে মুক্তি দেয়া হয়েছিল এবং এক বছর শান্তিভঙ্গের ঘটনায় জড়িত না থাকার অঙ্গীকার করতে হয়েছিল।
তবে এই গ্রেপ্তার ও আদালতের সিদ্ধান্তের সমালোচনা করেছে সিজেপি। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এক্সে দাবি করেন, জাতীয় পতাকা ওড়ানোর কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে তিনি বলেন, সরকার বিরোধী মত দমন করতে চাইলে লুকোচুরি না করে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করার সাহস দেখাক।