বোমা হামলা এবং ছিনতাইয়ের হুমকির জেরে ভারতের রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এরপর প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশির পর বিমানটি দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে এ খবর।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যম এয়ার ইন্ডিয়ার একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই২০৩০-কে নিরাপত্তার আশঙ্কার কারণে আজ বুধবার জয়পুরে ঘুরিয়ে নেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি জয়পুরে নিরাপদে অবতরণ করে। প্রয়োজনীয় তল্লাশির পর বিমান ও বিমানের কর্মীদের ছাড়পত্র দেওয়া হয়েছে। সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে নিরাপত্তা তল্লাশি সম্পন্ন করা হয়েছে।
মালব্য নগরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার শিব দয়াল ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বোমার হুমকির কারণে ফ্রাঙ্কফুর্ট-দিল্লি বিমানটির এই জরুরি অবতরণের বিষয়টির কথা বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছিল।