জ্ঞানেশ কুমারকে সিইসি পদ থেকে সরানোর হুঁশিয়ারি রাহুল গান্ধীর

জ্ঞানেশ কুমারকে সিইসি পদ থেকে সরানো হবে এবং তিনি জেলে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রোববার দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশে, ইভিএম ও ভোটার তালিকায় কারসাজির মাধ্যমে ২০২৪-র নির্বাচনে ভোট চুরির অভিযোগ তার। খবর রয়টার্সের।

এ সময় রাহুল গান্ধী বলেন, ‘জ্ঞানেশ কুমার না থাকলে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী ও অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হতেন না।’ 

তিনি বলেন, ‘এই মঞ্চ থেকেই দেশের জনগণকে বলছি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরিয়ে কারাগারে পাঠানো হবে। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভোট চুরি ও আদানির কাছে দেশ বিক্রির অভিযোগে তাদের জবাবদিহি করতে হবে।’

গত লোকসভা নির্বাচনকে অবৈধ বলেও অভিহিত করেন তিনি। 

ইন্ডিয়া জোটের বিরুদ্ধে দিল্লিতে পাল্টা কর্মসূচি দেয় বিজেপি। গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও মিছিলের আয়োজন করে ক্ষমতাসীনরা। 

ইন্ডিয়া জোটের কর্মসূচিতে যোগ দেন রাহুল ছাড়াও কংগ্রেসের সোনিয়া গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও সমাজবাদী পার্টির অখিলেশ যাদবসহ বিরোধী দলের অনেক নেতা। এতে সমর্থন দিয়েছে ককরোচ জনতা পার্টিও। 

বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়। শুধু রামলীলা ময়দানেই মোতায়েন করা হয় পুলিশ ও আধা সামরিক বাহিনীর ১০ হাজার সদস্য।