ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি

ভারতের উত্তরপ্রদেশে দীপাবলির রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মরের দেহরক্ষী বাহিনীর এক সেনাসদস্য। তার নাম সৌরভ তোমার। গুরুতর আহত অবস্থায় মিরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

পুলিশ জানায়, বাড়ির বাইরে ভাইদের সঙ্গে বাজি ফোটানোর সময় দুই গ্রামবাসীর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধীরাজ নামে এক ব্যক্তি দেশীয় পিস্তল দিয়ে গুলি চালান। গুলিটি দেয়ালে লেগে সৌরভের মাথায় আঘাত করে। 

পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথা থেকে গুলি বের করা হলেও বর্তমানে আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তিনি। 

এ ঘটনায় সৌরভের বাবার অভিযোগের ভিত্তিতে ধীরাজ ও তার ভাই মনুর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

২৬ বছর বয়সী সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং বর্তমানে রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্টস বডিগার্ড বাহিনীতে কর্মরত। দীপাবলি উদযাপনে ছুটিতে নিজ গ্রামে এসেছিলেন তিনি।