ভারতের মণিপুরে জাতিগত সংঘাতের নিহত ৪

ভারতের মণিপুরে আবারও জাতিগত সংঘাতের মধ্যে নাগাগোষ্ঠীর চারজন নিহত হয়েছেন। নিউ হেভেন এলাকায় দুটি গাড়িতে স্নাইপার হামলায় তাদের মৃত্যু হয়। নিহতরা সবাই তাংখুল নাগা সম্প্রদায়ের। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অজ্ঞাত ব্যক্তিদের চালানো গুলিতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। ওই সড়কের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে একই এলাকায় ১৮ এপ্রিল দুই নাগা নাগরিক নিহত হন। নতুন হামলার পর পুলিশ, বিএসএফ, সেনাবাহিনী ও আসাম রাইফেলসের সদস্যরা তল্লাশি শুরু করেন। নতুন হামলার ঘটনায় কুকিদের দায়ী করেছে ইন্ডিজেনাস পিপলস ফোরাম।

এ ঘটনার আগে বৃহস্পতিবার সশস্ত্র ব্যাক্তির গুলিতে এক কুকি নারী নিহত ও দুজন আহত হন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মণিপুরে কুকি ও নাগা সংঘাতে অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে।