বাংলাদেশ-ভারতের পরবর্তী কনস্যুলার সংলাপ দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
এ সময় রণধীর জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় নয়াদিল্লি। রয়টার্স জানিয়েছে এ খবর।
জয়সওয়াল জানান, বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত। কনস্যুলার সংলাপেও সংশোধিত ভ্রমণব্যবস্থা নিয়ে আলোচনা হবে।
তিনি আরও বলেন, কারিগরি পর্যায়সহ বিভিন্ন স্তরে দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনায় প্রস্তুত রয়েছে নয়াদিল্লি।
১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের মধ্যে পঞ্চম দফার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।


