‘আল–শিফা হাসপাতাল এখন ডেথ জোন’

ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতার মধ্যে আল–শিফা হাসপাতালকে ‘ডেথ জোন’ হিসেবে আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ইসরায়েলি হামলা বন্ধে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এদিকে, ইসরায়েলি আগ্রাসনে একদিনে অন্তত ৯৭ ফিলিস্তিনির মৃত্যুর কথা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজার আল-শিফা হাসপাতালই যেন এখন ইসরায়েলি বাহিনীর মূল টার্গেট। আল-শিফা হাসপাতালের নিচে হামাসের আস্তানা রয়েছে—এমন অভিযোগ তুলে গত ৯ নভেম্বর থেকে সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েল।

ইসরায়েলি বাহিনীর নির্দেশের পর আল-শিফা হাসপাতাল খালি করার কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যদিও হাসপাতাল খালি করার কোনো নির্দেশ দেওয়া হয়নি দাবি করে ইসরায়েল বলছে, উল্টো হাসপাতালে জরুরি খাবার ও পানি সরবরাহ করছে সেনাবাহিনী।

এর মধ্যে আল–শিফা হাসপাতালকে ‘ডেথ জোন’ হিসেবে আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সঙ্গে হাসপাতালে যারা অবস্থান করছে তাদের সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। 

হামলা বন্ধে চাপ দিতে জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, ‘গাজায় যা চলছে, তা বন্ধ করতে হবে। বেসামরিকদের রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে আমি আবারও বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি। এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে ৪২ হাজারের বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু। হাসপাতাল, বিদ্যালয়সহ ধ্বংস হয়ে গেছে অসংখ্য বেসামরিক স্থাপনা।’

এদিকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। শনিবার জাবালিয়ায় জাতিসংঘ পরিচালিত আল-ফাখুরা স্কুলে হামলায় অন্তত ৫০ জন নিহত হয়। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইমের দাবি, স্কুলে কয়েক হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। সেখানে হামলা প্রমাণ করে, যুদ্ধাপরাধ ও জাতিগত নির্মূলে নেমেছে ইসরায়েল। 

জাবালিয়ার একটি আবাসিক ভবনে হামলায় এক পরিবারের ৩২ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যাই ১৯। জাবালিয়া ছাড়াও হামলা হয়েছে খান ইউনিসে। সেখানে ১৫ জনের মৃত্যুর খবর দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 

এদিকে, স্থল অভিযানে হামাসের সঙ্গে তুমুল লড়াই চলছে ইসরায়েলি বাহিনীর। নতুন এক ভিডিওতে সংঘর্ষের ছবি প্রকাশ করেছে তারা। ইসরায়েলের আরও দুই সেনা নিহত হয়েছে। এ নিয়ে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে।