গাজায় গত দুই দিনে ইসরায়েলি হামলায় প্রায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭৩৪ জন। আজ শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, বন্ধ রয়েছে অবরুদ্ধ গাজার যোগাযোগ ব্যবস্থা। এ ছাড়া গাজায় মানবিক সহায়তা পাঠানো নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি আবার পিছিয়েছে।
এদিকে গত আড়াই মাস ধরে চলা যুদ্ধের কারণে গাজায় তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত এ উপত্যকার প্রায় ২৩ লাখ বাসিন্দা ক্ষুধায় ধুঁকছে। সেইসঙ্গে গাজায় বাড়ছে দুর্ভিক্ষের ঝুঁকি। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হামাসের বিরুদ্ধে অভিযানের নামে প্রতিদিনই উপত্যকায় সাধারণ ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো হচ্ছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, গাজায় খাদ্য সংকট ও বাস্তুচ্যুত মানুষের মধ্যে বড় আকারে মানবিক সহায়তা সরবরাহের জন্য বর্তমান পরিস্থিতির উন্নতি করতে হবে।
গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস–ইসরায়েল যুদ্ধে গাজায় এখন পর্যন্ত প্রায় ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। দুই মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজায় ৫২ হাজার ৫৮৬ জন আহত হয়েছে। গাজার চিকিৎসকেরা বলছেন, মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকেই চাপা পড়ে থাকতে পারেন বা অনেক মরদেহ হাসপাতালেই নেওয়া হয়নি বলে ধারণা করা হচ্ছে।